ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রোজিনার মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে

সচিবালয় বিটের সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়ার মামলার তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার জব্দকৃত মোবাইল ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।


শনিবার (২২ মে) ডিবির রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) আজিমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সাংবাদিক রোজিনা ইসলামের মামলার তদন্তের কাজ শুরু হয়েছে। আমরা সঠিকভাবে তদন্ত শেষ করেই আদালতে প্রতিবেদন জমা দেব।এক প্রশ্নের জবাবে আজিমুল হক বলেন,


‘শুধু ফরেনসিক নয়, সুষ্ঠু তদন্তের জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে।’


ডিবি জানায়, তদন্তের শুরুতেই মামলার সব নথিপত্র ও জব্দ হওয়া কাগজপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। তদন্তে অধিকতর তথ্যের জন্য রোজিনা ইসলামের জব্দ হওয়া ফোনগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই একদিনের মধ্যেই সেগুলো ফরেনসিকে পাঠানো হবে।


জানা যায়, এরই মধ্যে সচিবালয় থেকে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ডিবি। রোজিনা ইসলামের বিরুদ্ধে নথি চুরি ও ছবি তোলার যে অভিযোগ রয়েছে বিষয়টি সত্য কি-না তাও খতিয়ে দেখছে ডিবি। ডিবির তদন্তে সব কিছু যেন পরিষ্কার ও নির্ভুলভাবে উঠে আসে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তদন্তকারী কর্মকর্তারা। এছাড়া প্রয়োজন হলে আসামি ছাড়া আরও লোকজনকে আদালতের অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করবে ডিবি।


গত সোমবার দুপুরের পর পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান রোজিনা ইসলাম। এরপর গোপন নথি চুরির অভিযোগে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে ৫ ঘণ্টা আটকে রাখেন। রাত ৯টার দিকে রোজিনাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলার বাদী হন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।


পরদিন সকালে রোজিনাকে আদালতে হাজির করে পুলিশ। এসময় তার রিমান্ডের আবেদন জানালেও আদালত তা নামঞ্জুর করে রোজিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন তার জামিন আবেদনও করা হয়েছিল, যার শুনানি বৃহস্পতিবার হলেও আদেশ দেয়ার জন্য আগামী রোববার দিন নির্ধারণ করেন আদালত।

ads
ads
ads

Our Facebook Page

↑